বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | সময়: ভোর ২:৪৫

বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএসসহ দুই কর্মকর্তার অভিযোগ তদন্তে কমিটি

👁️ ১ Time View
Daraz horizontal banner

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সাবেক পিএস প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং আরেক উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত ১৭ আগস্ট বিপিসির সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। অভিযোগ ওঠা দুই কর্মকর্তাই ঝালকাঠি জেলা সদরের কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দা। আহম্মদুল্লাহ বর্তমানে ওএসডি হয়ে মেঘনা পেট্রোলিয়ামের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে সংযুক্ত রয়েছেন।
দুই সদস্যের তদন্ত কমিটিতে বিপিসির প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজিম উদ্দিনকে আহ্বায়ক এবং নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক মো. বদরুল ইসলাম ফকিরকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি সরকারের কেন্দ্রীয় ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস)’ পোর্টালে দুই কর্মকর্তার বিরুদ্ধে আসা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিপিসি এ কমিটি গঠন করে। কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জাগো নিউজে সংবাদ প্রকাশ / তথ্য লুকিয়ে ফের আবেদন সুপার পেট্রোকেমিক্যালের, বিপিসির কমিটি গঠন

অফিস আদেশে কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে, মো. আহম্মদুল্লাহ এবং মো. আশিক শাহরিয়ারের বিরুদ্ধে জিআরএসে আসা অভিযোগসমূহের বিষয়ে যথাযথভাবে তদন্ত করতে হবে। তদন্ত সম্পন্ন করে আদেশ জারির পরবর্তী ২০ কার্যদিবসের মধ্যে বিপিসি চেয়ারম্যান বরাবর প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা হলে বিপিসির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. নাজিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘সাবেক পিএস আহম্মদুল্লাহ ও আশিক শাহরিয়ারের বিরুদ্ধে জিআরএসে আসা অভিযোগ তদন্তের জন্য আমাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আমরা বিষয়টি জেনেছি। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।’
জিআরএসে আসা ওই অভিযোগ পর্যালোচনা করে দেখা গেছে, বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস মো. আহম্মদুল্লাহর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জাগো নিউজে প্রকাশিত সংবাদের কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি আশিক শাহরিয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয় জিআরএসে।

আরও পড়ুন

বিপিসিতে আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান

এ বিষয়ে সাবেক পিএস আহম্মদুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেক উপ-ব্যবস্থাপক আশিক শাহরিয়ার জাগো নিউজকে বলেন, ‘আমার বিরুদ্ধে জিআরএসে কী অভিযোগ হয়েছে এবং তদন্ত কমিটি হওয়ার বিষয়ে কিছুই জানি না। আমাকে এ বিষয়ে এখনো অবগত করা হয়নি।’ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সরাসরি অস্বীকার করেন তিনি।
এদিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে কেনা প্লটে আটতলা ভবন নির্মাণ চলমান রয়েছে। স্ত্রীর নামে নিবন্ধিত জমিতে ভবন নির্মাণ চলমান থাকলেও নির্মিতব্য ভবনে চট্টগ্রামভিত্তিক বাশার গ্রুপ অব কোম্পানির মালিক আবুল বশর আবুর নামে নেমপ্লেট দেখা গেছে। মূলত আবুল বশর আবুর শিপিংসহ নানাখাতের ব্যবসা রয়েছে। বিপিসির সঙ্গেও ওই ব্যবসায়ীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে।
আবুল বশর আবুর নিজস্ব মালিকানাধীন প্রতিষ্ঠান ইস্টার্ন বাল্ক কেরিয়ার বিপিসির মালিকানাধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানিতে জ্বালানি তেল পরিবহনের চার্টারার হিসেবে নিয়োজিত রয়েছে। এ নিয়ে জাগো নিউজে গত ২১ মে ‘আট তলা ভবনটির মালিক কে?’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তাছাড়া আহম্মদুল্লার গ্রামের বাড়ি ঝালকাঠিতে কয়েক কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সন্ধানও মিলেছে।
এমডিআইএইচ/এমএমকে

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট