
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর সোনার কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাকে বমি করিয়ে ছিনতাই করা সেই সোনার কানের দুল উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ট্রাফিক যাত্রাবাড়ী জোনের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় এক নারীর চিৎকার শুনে তারা দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তিনি বলেন, আটকের পর সেলিমের দেহ তল্লাশি করে ছিনতাই করা সোনার কানের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে দুলটি গিলে ফেলার কথা স্বীকার করে। এরপর বমি করানোর মাধ্যমে তার পেট থেকে ছিনতাই করা সোনার কানের দুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।
কেআর/এমএএইচ












