
দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরতে যাচ্ছে টানা পাঁচ মৌসুম পর। ২০২১ মৌসুমে ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ১-১ গোলের ম্যাচটিই বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ ম্যাচ এই স্টেডিয়ামে। এরপর ২০২২, ২০২২-২৩, ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমে ঘরোয়া ফুটবলের কোনো বল গড়ায়নি দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুতে।
লম্বা সময় ধরে সংস্কার চলেছে এই স্টেডিয়ামে। সংস্কার শেষে শুধু আন্তর্জাতিক ফুটবলই এখানে আয়োজন করেছে বাফুফে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা এবং ঘুরে ফিরে ঢাকার বাইরের কয়েকটি জেলা শহরে হয়েছে ঘরোয়া ফুটবলের খেলা। গত বছর ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামে ফুটবল গড়িয়েছিল সংস্কার শেষে আধুনিক স্টেডিয়ামে।
মোহামেডান ও আবাহনী অনেক দিন ধরেই নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছিল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে। এবার দুটি ক্লাবই হোম হিসেবে পেতে চাচ্ছে ঢাকা স্টেডিয়ামকে। পেশাদার লিগ শুরুর পর এই দুই জনপ্রিয় ক্লাবসহ আরো কয়েকটি দল এই স্টেডিয়ামকেই হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে।
বাফুফে এবার ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল ফিরিয়ে আনার বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জের পাশাপাশি ঢাকা স্টেডিয়ামে ফেডারেশনের কাপের খেলা হবে বলে ঘোষণা করেছে। বাফুফে চাইছে গত বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষ ৬ দলের পরস্পরের বিপক্ষে ম্যাচগুলো ঢাকা স্টেডিয়ামে প্রাধান্য পাবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশ্য এই প্যাচগোচ মানতে নারাজ। তাদের কথা মোহামেডান হোম ভেন্যু হিসেবে ঢাকা স্টেডিয়ামই চায়। ক্লাবটির পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলছিলেন, ‘বাফুফে ২০ আগস্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে এবার ঢাকা জাতীয় স্টেডিয়ামেও ঘরোয়া ফুটবল হবে। তাই আমরা মৌখিকভাবে বলেছি এই স্টেডিয়াম আমাদের হোম ভেন্যু হিসেবে দিতে হবে এবং আমরা দ্রুতই বাফুফেকে চিঠি দিয়ে আমাদের দাবি জানাবো। ফেডারেশন কাপের কয়টা ম্যাচ এখানে কিভাবে আয়োজন করবে সেটা বাফুফের বিষয়। আমরা লিগে জন্য ঢাকা জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে চাই।’
আরআই/আইএইচএস/












