
নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযানে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধভাবে স্থাপিত ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোটের সমন্বয়ে মূল শিপিং চ্যানেল ও বহিঃনোঙর এলাকায় তদারকি ও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। এসময় কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি বোট অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
অভিযানকালে নেভিগেশনাল চ্যানেল ও জাহাজ চলাচলের পথে অবৈধভাবে স্থাপিত ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়। একই সঙ্গে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তদারকি করে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এসময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মাঝি-মাল্লাদের নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ ছাড়া VHF Channel ১২ ও ১৬-এর General Broadcast-এর মাধ্যমে মাঝি-মাল্লা ও নৌযানগুলোকে নেভিগেশনাল চ্যানেল নিরাপদ রাখা, নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং চ্যানেলে জাল স্থাপন থেকে বিরত থাকার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম যুবদলে কমিটি নিয়ে সিদ্ধান্ত বদল
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের নেভিগেশনাল সেফটি বজায় রাখা, জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙরে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের সমন্বিত তদারকি, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সঙ্গে নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা এবং নেভিগেশনাল চ্যানেলে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা স্থাপন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট নৌযান ও মাঝি-মাল্লাদের অনুরোধ করা হয়েছে।
এমআরএএইচ/এমআইএইচএস












