
বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ আগস্ট) এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের নাগরিক অধিকার তথা ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভূমিকা ছিল ঐতিহাসিক।
তিনি বলেন, ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত হয়ে রাষ্ট্রীয় স্বাধীনতা ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি সব সময় গণ-আন্দোলনের সম্মুখ কাতারে ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে বিএনপির নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’
আরও পড়ুন
মঈন খান / গণতন্ত্র ফেরাতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন সালাম তালুকদার
ফখরুল বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন স্পষ্টবাদী, ঋজু ও নানা বিরোধিতার মুখেও নিজ কর্তব্যে দৃঢ় একজন উচ্চ মার্গের রাজনৈতিক নেতা। তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত রাজনীতিবিদ হিসেবে সমাদৃত ছিলেন।
বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে আব্দুস সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুই মেয়াদে মন্ত্রী হিসেবেও তিনি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বাণীতে তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শুভানুধ্যায়ী ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেএইচ/এমআইএইচএস/












