
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং দেশে তার পুনর্বাসন ঠেকানোর ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে নাছির উদ্দিন শাওন বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই পলাতক শেখ হাসিনার বাহিনীসহ একটি কুচক্রী মহল সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইস্যু না পেয়ে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন
লোডশেডিং নিয়ে মন্ত্রীর স্পষ্ট বক্তব্য দাবি ছাত্রদল নেতার
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনি হাসিনার বাহিনী ভারতে বসে বাংলাদেশে ফেরার হুংকার দিচ্ছে। কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা বেঁচে থাকতে এই গণহত্যাকারীদের বাংলাদেশে আর কখনো পুনর্বাসন করতে দেওয়া হবে না।’
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সজাগ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে, সরকারের অগ্রগতি ও উন্নয়নমূলক কার্যক্রমে আমরা পাশে থাকবো। কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ এবং ‘বিচার, বিচার, বিচার চাই- খুনি হাসিনার বিচার চাইসহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় আগামী দিনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ধৈর্য ধরে সজাগ থাকার আহ্বান জানান ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন।
একিউএফ/












