
যে খবরটি কোনো আর্জেন্টাইন সমর্থক শুনতে চাননি, শেষ পর্যন্ত সেটিই বাস্তব হয়েছে। গত সোমবার, ৩১ আগস্ট আবেগঘন এক চিঠির মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত চিঠিতে মেসি জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানান। এর মধ্য দিয়ে বিশ্বকাপজয়ী এই তারকার আর্জেন্টিনা অধ্যায়েরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
মেসির ঘোষণার পরপরই বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। ভক্ত, সতীর্থ, সাবেক খেলোয়াড়সহ ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির প্রতি কৃতজ্ঞতা ও বিস্ময় প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই তার অবসরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়।
মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনার বিভিন্ন স্থানে সমর্থকদের প্রতিক্রিয়া জানতে রাস্তায় নামে সংবাদমাধ্যম। এমনই একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
এক সংবাদকর্মী আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরা এক তরুণীর কাছে মেসির অবসর নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। কিন্তু ওই তরুণীর উত্তর শুনে হতবাক হয়ে যান সাংবাদিকসহ উপস্থিত দর্শকরা।
ক্যামেরার সামনে ওই নারী জানান, মেসির অবসর সম্পর্কে তিনি কিছুই জানেন না। এমনকি আর্জেন্টিনার এই তারকা তার কাছে কোনো গুরুত্বই বহন করেন না বলেও মন্তব্য করেন তিনি। পরে জানান, তিনি আসলে ভেনেজুয়েলার একজন পর্যটক এবং আর্জেন্টিনায় ঘুরতে এসেছেন।
আর্জেন্টিনা দলের জার্সি পরা একজনের কাছ থেকে মেসির অবসর নিয়ে এমন উদাসীন মন্তব্য আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ইনস্টাগ্রাম ও এক্সে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই সাক্ষাৎকারটিকে সাজানো বা গণমাধ্যমের মনোযোগ পাওয়ার উদ্দেশ্যে তৈরি বলে অভিযোগ করেন। অনেকে এটিকে ‘ভুয়া’ সাক্ষ্য হিসেবেও আখ্যা দেন।
বিভিন্ন স্পোর্টস অ্যাকাউন্ট ভিডিওটি শেয়ার করার পর সেখানে হাজার হাজার মন্তব্য জমা পড়ে। সমর্থকদের অনেকেই প্রশ্ন তোলেন, মেসির মতো জাতীয় দলের কিংবদন্তির বিদায়ের এমন আবেগঘন সময়ে একজন আর্জেন্টিনা জার্সিধারীর কাছ থেকে এমন প্রতিক্রিয়া কীভাবে আসতে পারে!
তবে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ভাইরাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতা এবং রাস্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংগ্রহের প্রবণতা থেকেই এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এমএমআর












