
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন দুই বাংলার দুই জনপ্রিয় রক তারকা জেমস ও ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। সেখানে দেখা হয়েছে দুই শিল্পীর। প্রিয় শিল্পী জেমসের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন রূপম।
জেমসের সঙ্গে দেখা করে তার পা ছুঁয়ে সালাম করেন রূপম। পরে সেই মুহূর্তের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। ভিডিওতে জেমসের প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান ‘ফসিলস’ ব্যান্ডের এই গায়ক।
রূপম বলেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু, তাকে আমি মহাগুরু বলি। ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়- একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা জেমস ভাইয়ের গানে প্রভাবিত।’
দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়েও কথা বলেন দুই শিল্পী। রূপম জানান, ২০০৭ সালে বাংলাদেশে জেমসের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি। পরে ২০১১ সালের দিকে ঢাকার একটি রক ফেস্টে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চে ওঠেন তারা।
আরও পড়ুন
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও মুখ খুললেন মেঘনা আলম
ভিডিওতে জেমসও তাদের ফের দেখা হওয়ার প্রসঙ্গে বলেন, ‘এবার আমাদের প্রচুর কথা হবে। সময় পাওয়া যাচ্ছে, কথাও হবে, ঘোরাঘুরিও হবে।’
এর আগে ২০২৪ সালে ভারতের ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও এক মঞ্চে দেখা যাবে দুই বাংলার এই দুই রক তারকাকে।
আরও পড়ুন
বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি পুনর্গঠন, দায়িত্বে যারা
সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আজ তাদের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা। দুই প্রজন্মের দুই জনপ্রিয় রক তারকার আয়োজন ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এমএমএফ












