
জামালপুরের মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মানের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন মুক্তিযোদ্ধা মো. সোলায়মান (৭৩)। রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বসতঘরের পাশে থাকা দুটি গ্যাসের বোতলের কাছে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় সোলায়মানের ভাই রফিকুল ইসলাম (৬০) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে ডাকাডাকি করেন। পরে রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোছা. মাহমুদা খাতুনকে দেখে অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১
তবে তাৎক্ষণিকভাবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান ভুক্তভোগী।
বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান বলেন, আমার সঙ্গে তেমনভাবে কারও শত্রুতা নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাও জানি না। আমার পরিবার একটু আতঙ্কে আছে। এজন্য থানায় অভিযোগ করেছি, যেন ঘটনার সত্যতা জানতে পারি এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। আমাদের তদন্ত চলমান রয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
হৃদয় আহম্মেদ/এনএইচআর












